বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াতে ইসলামী এদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, যা বাস্তবায়ন হলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে দুই দিন পূর্বে দুর্ঘটনা ঘটলেও এলাকার জনপ্রতিনিধিত্বকারী কোনো দলের পক্ষ থেকে কেউ এগিয়ে আসেননি। মানবিক ও ঈমানি দায়িত্ব মনে করে আমরা ঢাকা থেকে এসেছি। দেশে ইসলামী সরকার থাকলে ক্ষতিগ্রস্তদের সকল দায়িত্ব গ্রহণ করত।জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে গত ১৬ মে কাশিয়ানী ও গোপালগঞ্জ পৌরসভায় স্বজনহারা শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, গত ১৪ মে সকাল ১১টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মিলনবাজারে খুলনা থেকে ঢাকাগামী বাসের সাথে ঢাকা থেকে গোপালগঞ্জগামী প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৮ জন ও পরে হাসপাতালে ১ জন নিহত এবং ২৭ জন আহত হয়। গত ১৫ মে গণমাধ্যমে তা প্রকাশিত হয়। আমীরে জামায়াত, হামিদুর রহমান আযাদকে দায়িত্ব দিলে তিনি নিহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সেখানে পৌঁছান। তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর জেলা আমীর মাওলানা বদরউদ্দীন, গোপালগঞ্জ জেলা আমীর এডভোকেট আজমল হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক রেজাউল করিম ও জেলা সাংগঠনিক সেক্রেটারি হিরণ প্রমুখ।তিনি প্রথমে কাশিয়ানীতে নিহত তিন জনের পরিবার, পরে গোপালগঞ্জ পৌরসভার বাসুদেসহ একই পরিবারের ৩ জন নিহত এর বাড়িতে স্বজনদের সাথে সাক্ষাৎ করেন। কবর জিয়ারত ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। তাদের উপস্থিতিতে এখানকার জনগণ ও শোকাহত আত্মীয়-পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।হামিদুর রহমান আযাদ বলেন, আমি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হিসেবে কোনো রাজনৈতিক উদ্দেশে নয়, নিছক মানবিক উদ্দেশে আপনাদের কাছে এসেছি। জামায়াতে ইসলামী এমন একটি আদর্শ নিয়ে কাজ করে যা অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে দায়িত্ব পালনের শিক্ষা দেয়। এ আদর্শের বাহক মুহাম্মদ (সা:) নিজে এ কাজ করে গেছেন এবং মুসলিম উম্মাহকে তা শিখিয়ে গেছেন। তাই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে আসছে।তিনি বলেন, এ দুর্ঘটনায় একটি হিন্দু পরিবারের ৩ জন সদস্য নিহত হয়েছেন। আমরা তাদের সাথেও দেখা করে সহানুভূতি প্রকাশ করেছি। জামায়াতে ইসলামী মানুষের মাঝে ভেদাভেদ না করে অসহায় মানুষের দুঃখ কষ্টের সময় তাদের পাশে থাকে। ইসলামের সার্বজনীন আদর্শই জামায়াতে ইসলামীর আদর্শ।