চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ প্রায় অর্ধশতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদের গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
গণমাধ্যমে প্রদত্ত এক শোকবাণীতে তিনি বলেন, “চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ফায়ার সার্ভিসের ৯ জন কর্মীসহ প্রায় অর্ধশতাধিক লোক নিহত এবং প্রায় পাঁচ শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম ও স্থানীয় হাসপাতালগুলো আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে এবং আগুনে পুড়ে শারিরিকভাবে আহতদের আহাজারিতে এক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে মহান রাব্বুল আলামীনের দরবারে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি।
বিস্ফোরণের ঘটনায় যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সকলের শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি দল মত নির্বিশেষে সকলকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী ও হেলিকপ্টারসহ উন্নত প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ গ্রহণ, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং নিহত ও আহতদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।










